মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ১১:৩১ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে ও একই সময়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
তাদের দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।
