জোড়া লাগা নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭ এএম
দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশুকে চিকিৎসার মাধ্যমে আলাদা করার প্রস্তুতি নিয়েছে বিএসএমএমইউ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিএসএমএমইউতে বসেছে মেডিক্যাল বোর্ডের সভা।
অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তাঁকে আরো কয়েকজন চিকিৎসক সহায়তা করবেন।
বাংলাদেশে এই প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে। এর আগে এ হাসপাতালে পেট জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, সাত মাস ১৩ দিন বয়সী জোড়া লাগানো শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা। তিনি পেশায় পরিবহন শ্রমিক। আলমগীর-নাসরিন দম্পতির কন্যাশিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়া লাগানো। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে কনজয়েন্ড টুইন।
এদিকে, মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নুবার চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।
