তারুণ্যের বাংলাদেশ কনসার্টে গাইবেন নগরবাউল খ্যাত জেমস
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০২:৪৩ এএম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামছে 'বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ'-এর তৃতীয় আসরের। আগামীকাল সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পদক বিতরণের পাশাপাশি থাকছে 'তারুণ্যের বাংলাদেশ কনসার্ট'।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই কনসার্টে গাইবেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস। পাশাপাশি বিজয়ী তিন তরুণ ব্যান্ড এই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছে বলেও আয়োজকরা জানান।
তারা আরও জানান, আগামীকাল দুপুর ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ'-এর সমাপনী আয়োজন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠান শেষে থাকছে জেমস এবং দেশের সেরা পারফর্মারদের নিয়ে আয়োজিত তারুণ্যের বাংলাদেশ কনসার্ট।
নগরবাউল খ্যাত জেমস জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় তারুণ্যের শক্তি ও প্রতিভাকে। তাই 'তারুণ্যের বাংলাদেশ কনসার্টে' সংগীতের মূর্ছনায় থাকবে তারুণ্যেরই জয়গান।
বিষয়: জেমস তারুণ্যের বাংলাদেশ কনসার্ট বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নগরবাউল
