২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন
১৫ নভেম্বর থেকে সরকারি-স্বায়ত্তশাসিত অফিস ৯-৪টা
রায়হান রাজীব | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২, ০২:১৪ এএম
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্র্নিধারণ করা হয়েছে।
আগামী ১৫ নভেম্বর থেকে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার।

এরআগে, গত ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
একইসঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকার কথাও জানানো হয়। গত ২৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। সবশেষ আজ আবার অফিসের নতুন সময়সূচি জানানো হলো।
