২ হাজার ছক্কার মাইলফলক পার করলো বিশ্বকাপ; বাংলাদেশ ৯ নম্বরে
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৪:১৫ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের এ পর্যন্ত ২১টি দল ছক্কা মেরেছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ শুরুর আগে ছক্কার সংখ্যা ছিল ১৯৯৯।
সবচেয়ে বেশি ছক্কা মেরেছে উইন্ডিজ (২১৪টি)। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ছক্কা ২১১। ১৯৫টি ছক্কা মেরে তিনে পাকিস্তান। এরপর যথাক্রমে ইংল্যান্ড (১৮২), শ্রীলঙ্কা (১৮২), নিউজিল্যান্ড (১৭১), ভারত (১৭০), দক্ষিণ আফ্রিকা (১৬৩) এবং ১২৪টি ছক্কা মেরে নবম স্থানে আছে বাংলাদেশ। শুধু তাই নয়, বিশ্বকাপে বাউন্ডারি মারার তালিকায়ও বাংলাদেশের (৩৫৮) অবস্থান ৯ নম্বরে!
সবচেয়ে কম ছক্কা মারা দল কেনিয়া। একবারই তারা বিশ্বকাপ খেলেছিল। ২০০৭ সালের উদ্বোধনী আসরে তারা দুটি ছক্কা মারে। এশিয়ার দেশ নেপালও একবার অংশ নিয়ে তিনটি ছক্কা মারতে পেরেছিল।
এছাড়া ১০টি দেশের ছক্কার সংখ্যা দুই অঙ্কে আছে। সেগুলো হলো―আফগানিস্তান (৯৪), নেদারল্যান্ডস (৫১), স্কটল্যান্ড (৫১), আয়ারল্যান্ড (৪৮), জিম্বাবুয়ে (৪২), নামিবিয়া (৩২), ওমান (১৯), হংকং (১৬),পাপুয়া নিউগিনি (১৩) এবং আরব আমিরাত (১০)।
