ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ জনের প্রাণ, একদিনে রেকর্ড ৪৮২ জন হাসপাতালে ভর্তি
রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ এএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৪৮২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৯২ জনে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৮২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে বর্তমানে এক হাজার ৬৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৯৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৪ হাজার ৩৬২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোট ৫৩ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
