জনগণকে জিম্মি করে রেখেছে সরকার: মির্জা ফখরুল
রায়হান রাজীব | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫ এএম
সরকার খালেদা জিয়াকে তার প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে ন্যূনতম চিকিৎসা, সেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকরা বারবার সংবাদ সম্মেলন করে বলেছেন, বিদেশে একটা বিশেষায়িত হাসপাতালে বা কেন্দ্রে তার চিকিৎসা হওয়া দরকার।
মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য এ দেশের যে, এমন একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী বসে আছেন যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার নেই। তিনি খালেদা জিয়া সম্পর্কে গতকাল যেসব উক্তি করেছেন-আমরা ভাবতেও পারি না যে, প্রধানমন্ত্রীর চেয়ারটায় অবৈধভাবে বসে থাকলেও এভাবে কেউ উক্তি করতে পারে। এর একটাই কারণ- রাজনৈতিক প্রতিহিংসা।
তিনি আরও বলেন, যেভাবে দৈনন্দিন জিনিসপত্র চাল-ডাল-তেলের দাম বাড়ছে, যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ এখন দিশেহারা। হত্যা-গুম করে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে সরকার।
ফখরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কিছুদিন আগে এখানে এসেছিলেন। তিনি সরকারকে বলেছেন, এই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুম হয়েছে, এগুলো বন্ধ করা প্রয়োজন।
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নেয়ার আহবানও জানান বিএনপি মহাসচিব।
বিষয়: জনগণকে জিম্মি সরকার মির্জা ফখরুল
