দেশে ফিরেছেন ভারতে আটক পড়া ৮৮ জেলে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২২, ০৬:০৪ পিএম
বিজিবি’র উদ্যোগের ফলে ভারতে আটকে পড়া শাহ আমানত ও সোনার মদিনা-২ নামের দুইটি ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন।
সোমবার (২৯ আগস্ট) বিকালে বিজিবি’র নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি’র বাংলাদেশ-ভারত সীমান্তের কালিন্দী নদীর মধ্যবর্তী স্থানে ভারতে আটকে পড়া দু’টি ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনারের সার্বিক সহযোগিতায় বিজিবি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের মাধ্যমে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আটক ৮৮ জন বাংলাদেশি জেলেকে মাতৃভূমি বাংলাদেশে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
