বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠছে: মির্জা ফখরুল

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২২, ০৩:৫৯ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এত নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম-খুনের পরেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি সেই ফিনিক্স পাখির মতো আবার ওই ধ্বংসাবশেষ থেকে জেগে উঠছে- এটাই হচ্ছে সরকারের সবচেয়ে রাগের কারণ, ভয়ের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল (সোমবার) থেকে আমাদের আবার নতুন করে গ্রাম পর্যায়ে আন্দোলন শুরু হয়েছে এবং সেটা হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে।

নির্যাতনের শিকার পরিবারের উদ্দেশে তিনি বলেন, আমরা যদি এই সরকারকে পরিবর্তন করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, এরা বড়াই করছে- সিঙ্গাপুর বানিয়ে দিয়েছে, মালয়েশিয়া বানিয়ে দিয়েছে। ওই দিকে শতকরা ৪২ জন মানুষের জীবন দারিদ্রসীমার নিচে চলে গেছে, দুই বেলা খেতে পায় না।

 





Top