ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৬০ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২২, ০৫:১৫ এএম
সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভোক্তা স্বার্থবিরোধী নানা অপরাধে ৬০ প্রতিষ্ঠানকে ১২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
এদিন অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩২ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকাসহ দেশের ২৭টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা মহানগরের আমিন বাজারসহ দেশব্যাপী মোট ৩৬টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত অভিযানে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৫৯ প্রতিষ্ঠানকে ১২ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫০০ টাকা দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা দেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
বিষয়: ভোক্তা অধিদপ্তর
