পৈতৃকনিবাস থেকে ২ ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২২, ০৪:১৩ এএম

পৈতৃকনিবাস থেকে ২ ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে দুই ঘণ্টায় ঢাকায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ৪টার দিকে গণভবনে পৌঁছান তিনি।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার সকালে প্রথমবারের মতো সেতু পাড়ি দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের পৈতৃকনিবাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রার্থনাও করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

এনএফ৭১/আরআর/২০২২





Top