আইএমইআই পরিবর্তনকারী চক্রের আরেক সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ০৮:০২ এএম

আইএমইআই পরিবর্তনকারী চক্রের আরেক সদস্য গ্রেফতার

চট্টগ্রামে মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ নিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হলো।

চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাজার থেকে বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. মনজুর আলম ইমন (৩৫)। তিনি ওই এলাকার আল মক্কা মোবাইল শপের মালিক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার মনজুর ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকার করম আলী সওদাগর বাড়ির ফজল হকের ছেলে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গ্রেফতার মনজুরকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ এপ্রিল নগরীর রিয়াজ উদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেনে অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই পরিবহন চক্রের তিন সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ১১৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

এনএফ৭১/আরআর/২০২২





Top