হঠাৎ ঝড়-বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১০:১৭ এএম
দেশের বেশকিছু অঞ্চলের মতো ঢাকার ওপর দিয়েও বয়ে যাচ্ছিল তীব্র তাপপ্রবাহ। এতে অস্থির হয়ে পড়ে মানুষ। তবে হঠাৎ সন্ধ্যার পর রাজধানীতে দেখা মিললো স্বস্তির বৃষ্টি।
রোববার (২৭ মার্চ) সন্ধ্যার পর ঢাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে গরমে স্বস্তি মিললেও বিপাকে পড়তে হয় সড়কে থাকা মানুষকে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেককে ভিজে গন্তব্য যেতে দেখা যায়। আবার কোথায় কোথায় দেখা দেয় দীর্ঘ যানজট।
এর আগে আবহাওয়া অফিস থেকে জানানো হয়, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
এছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এতে করে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ঝড়-বৃষ্টি আবহাওয়া
