‘২৬ মার্চ নয়ারহাট-আমিনবাজার রাস্তা ৩ ঘণ্টা বন্ধ থাকবে’ : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১২:২৭ এএম
মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ভোর ৪টা থেকে সর্বোচ্চ সকাল ৭টা পর্যন্ত নয়ারহাট থেকে আমিনবাজার রাস্তা সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে ২৫ ও ২৬ মার্চের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে হবে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে। গোয়েন্দা নজরদারি থাকবে।
মহান স্বাধীনতা দিবসের দিন নয়ারহাট থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত রাস্তায় ভোর ৪টা থেকে সব ধরনের যানবাহন, শুধু যেসব অতিথি পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন তাদের যানবাহন ছাড়া সব যান চলাচল বন্ধ থাকবে। এটা ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যতক্ষণ সেখানে থাকবেন এবং বিদেশি অতিথিরা না যাওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সর্বোচ্চ ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
এনএফ৭১/এমএ/২০২২
