জনসন অ্যান্ড জনসনের টিকা পাবে ভাসমান জনগোষ্ঠী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫৫ এএম
দেশের ভাসমান জনগোষ্ঠী করোনাভাইরাস টিকার আওতায় আসছেন বলে জানিয়েছেন কোভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। রবিবার থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
ডা. শামসুল হক স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর হিসেবে রয়েছেন। এসময় তিনি বলেন, সারাদেশে ছয় লাখ ভাসমান মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। এরমধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার এবং দেশের অন্যান্য এলাকায় তিন লাখ ১৫ হাজার মানুষ টিকার আওতায় আসবেন। ভাসমান জনগোষ্ঠীর নির্ধারিত কোনো ঠিকানা নেই, এ কারণে তাদের সিঙ্গেল ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে।
এদিকে, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা আগে থেকে টিকার আওতায় এলেও কওমি মাদ্রাসার ৩০ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনের বাইরে রয়েছে। বাইরে থাকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাবে বলে জানান ডা. শামসুল হক।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: করোনাভাইরাস কোভিড-১৯
