আইপিটিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ পরিবেশন করতে পারবে না কেউ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০১:৩৪ এএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন-আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন এক অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেছেন, 'সম্প্রচার নীতিমালা অনুযায়ী কোনও আইপিটিভি বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারে না। কোনও কোনও জায়গায় আইপিটিভির মাধ্যমে এখনো নিয়মিত সংবাদ বুলেটিন পরিবেশন করা হয়। ইউটিউব চ্যানেলের মাধ্যমেও প্রচার করা হচ্ছে সংবাদ বুলেটিন। জেলা প্রশাসকদের এ বিষয়ে নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমরা জেলা প্রশাসকদের বলেছি অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদের চেনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।'
এনএফ৭১/এনজেএ/২০২১
