৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০৪:২৪ এএম
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (১৯ জানুয়ারি) পিএসসির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমিশনের সভার পর আনুষ্ঠানিকভাবে তা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তবে এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ সরাসরি কিছু বলেননি। জানতে চাইলে তিনি বলেন, আগেও বলেছি এ সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবার হিসাব করে দেখুন, সেটা কবে হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি
