ভারত থেকে এলো আরও ২৫ লাখ টিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০২:৩৪ এএম
ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত আরও ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে। বুধবার (৮ ডিসেম্বর) রাতে টিকাগুলো দেশে আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।
তিনি জানান, সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। সরকারের সহায়তায় বেক্সিমকো এই টিকা এনেছে। এসব টিকা সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০২০ সালের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। টিকা পেতে ভারতের প্রতিষ্ঠানটিকে অগ্রিম অর্থও পরিশোধ করেছে বাংলাদেশ।
শর্তানুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাবে। চুক্তির পর ভারত দুই কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা দেয়। এরপর ভারতে করোনার সংক্রমণ বেড়ে গেলে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এরপর দেশটি ২ ডিসেম্বর আরও ৪৫ লাখ টিকা পাঠায়।
এনএফ৭১/এমএ/২০২১
