নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১২:৪১ এএম
কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার প্রস্তাব এসেছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে। বিএনপি সরকারের প্রথম বাজেটে এসব খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, স্থানীয় পর্যায়ে স্টার্টআপ প্রতিষ্ঠানের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হবে। এছাড়া স্টার্টআপগুলোর আমদানি করা সেবা এবং অফিস বা অন্যান্য স্থাপনা ভাড়ার ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাটও মওকুফের প্রস্তাব করা হয়েছে। এসব সুবিধা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের প্রদত্ত সেবার ওপর বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, যা এ খাতে কর্মরতদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামে উপস্থাপিত এ বাজেটে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভ্যাট অব্যাহতির এই উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিষয়:
