ঘুমানোর আগে পা ধোয়ার অভ্যাস, মিলতে পারে শান্তির ঘুম
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:৪৭ এএম
দিনভর কাজের ব্যস্ততা শেষে সবাই চায় একটু শান্তির ঘুম। তবে অনেকের ক্ষেত্রেই সহজে ঘুম আসে না, আবার ঘুম থেকে উঠেও শরীর ক্লান্ত লাগে। বিশেষজ্ঞদের মতে, ঘুমাতে যাওয়ার আগে পা ধোয়ার ছোট্ট একটি অভ্যাস ভালো ঘুমে সহায়ক হতে পারে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের ভাষ্য, মানুষের পা শরীরের ‘অগ্নি উপাদান’-এর সঙ্গে সম্পর্কিত। সারাদিনের দৌড়ঝাঁপ, মানসিক চাপ ও ক্লান্তির কারণে এই অংশে তাপ জমে থাকে। বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপ ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং অনিদ্রার ঝুঁকি বাড়ায়।
বিশেষজ্ঞরা বলছেন, জুতা খুলে আরাম পাওয়ার অন্যতম কারণ হলো শরীরের অতিরিক্ত তাপ ও চাপ কিছুটা মুক্ত হওয়া। ঠিক একইভাবে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে শরীরের তাপমাত্রা কমে এবং মনও অনেকটা শান্ত হয়। ফলে গভীর ও আরামদায়ক ঘুমে সহায়তা করে।
ঘুম বিশেষজ্ঞদের মতে, ভালো ঘুমের জন্য শরীরের মূল তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। এ কারণে ঘরের তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত গরম পরিবেশ বা শরীরের বেশি তাপ ঘুমের বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এছাড়া ঘুমানোর আগে একটি পাত্রে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে পা কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও উপকার পাওয়া যায়। ইউক্যালিপটাস, পেপারমিন্ট, চন্দন ও ল্যাভেন্ডারের মতো তেল শরীরকে শীতল অনুভূতি দেওয়ার পাশাপাশি মানসিক চাপ কমাতেও সহায়তা করে।
বিশেষজ্ঞরা আরও জানান, শুধু ভালো ঘুমই নয়, ঘুমানোর আগে পা ধোয়ার অভ্যাস পা পরিষ্কার রাখে, দুর্গন্ধ কমায় এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকিও হ্রাস করে। পাশাপাশি মনকে ফুরফুরে রাখতেও এটি কার্যকর ভূমিকা রাখে।
সূত্র: হেলদি বিল্ডার্স, আনাদোলু এজেন্সি।
বিষয়:
