রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের তীব্র ব্যথা, কিংবা সকালে উঠে পা সোজা করতে না পারার মতো সমস্যা অনেকেরই হয়। সাধারণভাবে একে পেশিতে টান ধরা বলা হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, শরীরের কোনো ঐচ্ছিক পেশি সংকুচিত হয়ে স্বাভাবিকভাবে প্রসারিত না হতে পারলে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়।
পেশিতে টান কেন ধরে?
চিকিৎসকদের মতে, শুধু পানি কম খাওয়াই নয়—আরও কয়েকটি কারণ রয়েছে।
খনিজের ঘাটতি: শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাব হলে পেশিতে টান ধরতে পারে।
রক্ত সঞ্চালন কমে যাওয়া: ঘুমের সময় শরীরের নিচের অংশে রক্ত চলাচল কিছুটা কমে যায়, ফলে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না।
অতিরিক্ত পরিশ্রম: দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা অতিরিক্ত হাঁটাহাঁটি করলে এ সমস্যা দেখা দিতে পারে।
ভিটামিনের অভাব: ভিটামিন ডি-এর ঘাটতি পেশির স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দেয়। গর্ভাবস্থাতেও খনিজের অভাবে এই সমস্যা হতে পারে।
হঠাৎ টান ধরলে কী করবেন?
মালিশ করুন: আক্রান্ত স্থানে হালকা হাতে মালিশ করলে পেশি ধীরে ধীরে শিথিল হয়।
ঠান্ডা সেঁক দিন: বরফ বা ঠান্ডা সেঁক ব্যবহার করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে দ্রুত আরাম পাওয়া যায়।
দীর্ঘমেয়াদি প্রতিকার
পর্যাপ্ত পানি পান করুন: শরীর হাইড্রেটেড রাখলে এ সমস্যা কমে।
পুষ্টিকর খাবার গ্রহণ করুন: ক্যালসিয়াম ও ভিটামিনসমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে।
নিয়মিত ব্যায়াম করুন: হালকা ব্যায়াম ও স্ট্রেচিং পেশিকে নমনীয় রাখে।
প্রয়োজনে পরীক্ষা করান: সমস্যা বারবার হলে রক্ত পরীক্ষা করে ভিটামিন ও খনিজের মাত্রা যাচাই করা জরুরি।
সূত্র: এই সময়