সময়মতো বেতন না দিলে কী করবেন? জেনে নিন ৪ করণীয়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ এএম
মাসজুড়ে কঠোর পরিশ্রমের পর বেতনের বার্তাটিই হয়ে ওঠে চাকরিজীবীদের স্বস্তির প্রধান উৎস। কিন্তু নানা কারণে সেই বেতন পেতে দেরি হলে তৈরি হয় উদ্বেগ ও অনিশ্চয়তা। বাড়িভাড়া, বাজারসহ নিত্যপ্রয়োজনীয় খরচের চাপ সামাল দিতে গিয়ে অনেকেই পড়েন বিপাকে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
চলুন জেনে নেই এমন চারটি পদক্ষেপ যা আপনি গ্রহণ করতে পারেন।
প্রথমত: কারণ খুঁজে বের করুন
বেতন দেরিতে এলে শুরুতেই বিচলিত না হয়ে বিষয়টি খতিয়ে দেখা উচিত। অনেক সময় কারিগরি বা প্রশাসনিক জটিলতার কারণে বেতন বিলম্বিত হতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কারণ জানা প্রয়োজন। পাশাপাশি অন্য সহকর্মীদের ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে কি না, তা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত: নিজের অধিকার সম্পর্কে জানুন
দেশের প্রচলিত শ্রম আইনে কর্মীদের বেতন প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত রয়েছে। মাস শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বেতন দেওয়া বাধ্যতামূলক। যদি অযৌক্তিকভাবে বেতন আটকে রাখা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। প্রয়োজনে আইনগত সহায়তাও নেওয়া যেতে পারে।
তৃতীয়ত: অর্থ ব্যবস্থাপনায় সতর্কতা
বেতন দেরিতে এলেও দৈনন্দিন খরচ থেমে থাকে না। তাই জরুরি খরচগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করা উচিত। প্রয়োজনে কিছু বিল পরিশোধে সময় বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
চতুর্থত: পেশাদারিত্ব বজায় রাখুন
বেতন সংক্রান্ত সব ধরনের যোগাযোগের প্রমাণ সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে কাজের প্রতি দায়িত্বশীলতা ধরে রাখা উচিত। তবে যদি নিয়মিত বেতন বিলম্ব একটি প্রতিষ্ঠানের স্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে নিজের পেশাগত ভবিষ্যৎ বিবেচনায় নতুন সুযোগ খোঁজা হতে পারে বুদ্ধিমানের সিদ্ধান্ত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রমিক আইন ২০০৬, টিভি নাইন বাংলা, টিভিএস
এনএফ৭১/একে
বিষয়:
