সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন জাপানিজ প্রন টেম্পুরা

লাইফস্টাইল ডেস্ক: | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:৫৫ এএম

সংগৃহীত

বিকেলের নাস্তা কিংবা ঘরোয়া আড্ডায় মুচমুচে চিংড়ি ভাজা খেতে পছন্দ করেন অনেকেই। তবে পরিচিত স্বাদের বাইরে ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে তৈরি করতে পারেন জাপানিজ স্টাইলের জনপ্রিয় খাবার প্রন টেম্পুরা। বাইরে থেকে খাস্তা আর ভেতরে নরম এই খাবারটি খুব সহজেই ঘরে তৈরি করা যায়।

উপকরণ

  • লেজসহ চিংড়ি – ৫০০ গ্রাম
  • ময়দা – ১ কাপ
  • কর্নফ্লাওয়ার – ১ কাপ
  • ডিম – ২টি
  • খাবার সোডা – এক চিমটি
  • পাতিলেবু – ১টি
  • রসুন কুচি – ৫-৬ কোয়া
  • গোলমরিচ গুঁড়া – পরিমাণমতো
  • লবণ – স্বাদমতো
  • স্প্রিং অনিয়ন (পেঁয়াজ পাতা) – আধা মুঠো
  • সাদা তেল – ভাজার জন্য

সস তৈরির উপকরণ

  • সয়া সস – ২ টেবিল চামচ
  • ভিনেগার – ১ চা চামচ
  • ব্রাউন সুগার – আধা চা চামচ
  • আদা কুচি – সামান্য

প্রস্তুত প্রণালি

প্রথমে চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন, তবে লেজটি রেখে দিন। এরপর রসুন কুচি ও পাতিলেবুর রস দিয়ে চিংড়িগুলো মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।

একটি বড় পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, খাবার সোডা, ডিম, লবণ ও গোলমরিচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এরপর বরফ-ঠান্ডা পানি দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।

কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা চিংড়িগুলো ব্যাটারে ডুবিয়ে একে একে তেলে ছাড়ুন। সোনালি ও মুচমুচে হয়ে এলে তুলে তেল ঝরিয়ে নিন।

সস তৈরির পদ্ধতি

একটি ছোট বাটিতে সয়া সস, ভিনেগার, ব্রাউন সুগার ও আদা কুচি একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টেম্পুরার বিশেষ সস।

পরিবেশনের আগে প্রন টেম্পুরার ওপর সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন। গরম গরম টেম্পুরা সসের সঙ্গে পরিবেশন করুন এবং উপভোগ করুন জাপানি স্বাদের অনন্য এক নাস্তা।

সূত্র: এই সময়



বিষয়:



Top