সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

বুধবার রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এনএফ৭১/একে



বিষয়:



Top