ঈদের দিন যে ৫ বিভাগে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির শঙ্কা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৮:৩৩ এএম
দেশের বিভিন্ন এলাকায় একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি বেড়েছে। এর মধ্যেই আসন্ন পবিত্র ঈদুল আজহার দিনে দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:
