১২ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

সংগৃহীত

দেশের ১২ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

বুধবার (১০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি নদীপথ ব্যবহারকারীদের প্রয়োজনীয় সাবধানতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top