দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড় ও বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর পুনঃসতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে।

এদিকে বৃষ্টিপাত বৃদ্ধির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে গত কয়েক দিনের অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top