আগামী পাঁচ দিন বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৯:২৭ এএম
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার (পাঁচ দিনের) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববারও আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে।
মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেটে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর এই অগ্রগতির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান, নদী ও সাগরে চলাচলে সতর্কতা এবং প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
