রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:৪১ পিএম
দেশের কয়েকটি অঞ্চলে আজ রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে এসব এলাকায় জলাবদ্ধতা ও সাময়িক ভোগান্তির আশঙ্কাও রয়েছে।
অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা কিছুটা স্বস্তি এনে দিতে পারে জনজীবনে।
এনএফ৭১/ওতু
বিষয়:
