দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:২৪ পিএম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বা তীব্র ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
