বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:২৯ পিএম
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরও একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।
শনিবার (১৬ মে) রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সিনপটিক পরিস্থিতির কারণে দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য অংশে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
পরবর্তী দিনগুলোতেও (১৭ থেকে ২০ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বলে জানানো হয়েছে। একই সময়ে ঢাকা, রংপুরসহ অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা কোথাও সামান্য বাড়তে আবার কোথাও কমতে পারে, তবে সার্বিকভাবে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত সময়েও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:
