দেশের তিন অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৯ এএম

সংগৃহীত

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ওইসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ ধরনের পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এনএফ৭১/ওতু



বিষয়:



Top