টানা চার দিন অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চল ও সিলেটে সতর্কতা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে টানা চার দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ওই দুই বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ওই তিন বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিনও সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:



Top