দেশের ৫ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৫২ পিএম

সংগৃহীত

দেশের পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজকের মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এই সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করা জরুরি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top