দুপুরের আগেই রাজধানীসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ০৮:৪০ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় আজ শুক্রবার দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের নদীবন্দরসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এছাড়া, এই ঝড়বৃষ্টির প্রবণতা দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এনএফ৭১/একে
বিষয়:
