ব্যক্তিগত সোনা বিক্রি করলেও গুণতে হবে ১৫ শতাংশ কর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:০৫ এএম

ছবি: সংগৃহীত

ব্যক্তিমালিকানাধীন সোনা ও স্বর্ণালংকারকে এখন থেকে শুধু ব্যক্তিগত সম্পদ নয়, মূলধনি সম্পদ হিসেবে বিবেচনা করবে জাতীয় রাজস্ব বোর্ড। ফলে সোনা বিক্রি করে মুনাফা অর্জন করলে সেই আয়ের ওপর ১৫ শতাংশ হারে মূলধনি মুনাফা কর পরিশোধ করতে হবে।

রোববার রাজধানীর পল্টনে অর্থনৈতিক প্রতিবেদক ফোরাম আয়োজিত অর্থ বিলবিষয়ক এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানান।

সেমিনারে কর পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া ব্যক্তিগত ব্যবহারের স্বর্ণালংকারকে মূলধনি সম্পদ হিসেবে বিবেচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে এ বিষয়ে ব্যাখ্যা দেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর নীতি বিভাগের প্রথম সচিব জাফর ইমাম।

তিনি বলেন, আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশেও সোনা ও স্বর্ণালংকারকে মূলধনি সম্পদ হিসেবে গণ্য করা হয়। অনেক করদাতা আয়কর বিবরণীতে সোনা বা স্বর্ণালংকারের তথ্য উল্লেখ করলেও এর মূল্য উল্লেখ করেন না, যা কর ফাঁকির সুযোগ সৃষ্টি করে।

সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, চলতি বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার কোনো সুযোগ রাখা হয়নি। যদিও আবাসন খাত থেকে এ বিষয়ে চাপ ছিল, তবুও সরকার শুরু থেকেই এমন কোনো বিধান না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতিতে গতি ফেরাতে বিভিন্ন খাতে কর ছাড় দেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে রাজস্ব আয়ও বাড়বে। একই সঙ্গে কর ফাঁকি প্রতিরোধ এবং তথ্যনির্ভর নিরীক্ষা কার্যক্রম জোরদারের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে।

তিনি আরও জানান, সঞ্চয়পত্রে নতুন করে কোনো কর বৃদ্ধি করা হয়নি। বরং অধিকাংশ ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে অগ্রিম কাটা কর ফেরত পাওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

সভায় মূল্য সংযোজন কর নীতি বিভাগের কর্মকর্তারা জানান, ব্যবসা পরিচালনা সহজ করতে অনলাইনে তাৎক্ষণিক মূল্য সংযোজন কর নিবন্ধনের ব্যবস্থা চালু করা হচ্ছে। পাশাপাশি মাসিক বিবরণীর পরিবর্তে তিন মাস অন্তর মূল্য সংযোজন করের বিবরণী জমা দেওয়ার সুযোগও রাখা হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top