৩০০ টাকা কর প্রত্যাহার, দাম কমছে সিম কার্ডের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০১:৪৫ এএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকরা আগের তুলনায় কম দামে সিম কিনতে পারবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট প্রস্তাবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন কর ও নীতিমালায় সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরা হয়।
বাজেট বক্তব্যে বলা হয়, বর্তমানে দূরসংযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ, যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। এ কারণে খাতটির বিকাশ ত্বরান্বিত করতে ধাপে ধাপে করের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর পুরোপুরি বাতিলের প্রস্তাব করা হয়েছে। এতে আগামী অর্থবছরে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমতে পারে বলে বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, সিম কর প্রত্যাহার এবং মোবাইল অপারেটরদের কিছু কর-সুবিধা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। তবে গ্রাহক পর্যায়ে মোবাইল সেবা বা ইন্টারনেট ব্যবহারের খরচ কমার বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা নেই।
অন্যদিকে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশে বৈধ সিমের সংখ্যা জনসংখ্যার তুলনায় অনেক বেশি হওয়ায় এই খাত ইতোমধ্যে পরিপক্ব অবস্থায় পৌঁছেছে। তাই নতুন করে অতিরিক্ত সুবিধা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, স্থায়ী ব্রডব্যান্ড ইন্টারনেট খাতে এখনো গ্রাহকসংখ্যা তুলনামূলক কম হলেও এ খাতের জন্য কর বা প্রণোদনা নিয়ে কোনো উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে অপেক্ষাকৃত শক্তিশালী পক্ষগুলোই বেশি সুবিধা পেয়েছে বলে মনে করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:
