৭ খাতে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০২:১৯ এএম

সংগৃহীত

ভ্যাট ও করের আওতা সম্প্রসারণে সাতটি খাতে ব্যবসা সনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকিং, আর্থিক সেবা, ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণে বিআইএন প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

প্রস্তাব অনুযায়ী, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা কিংবা ঋণ গ্রহণের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক হবে। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিআরটিএ থেকে যানবাহনের নিবন্ধন গ্রহণেও বিআইএন প্রয়োজন হবে।

কর ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বাড়াতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের কথাও জানানো হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সমন্বয় (সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন) ব্যবস্থার মাধ্যমে এনবিআরের জাতীয় তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, বিদ্যুৎ, গ্যাস, পানি, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।



বিষয়:



Top