বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: কারণ কী?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১০:২৪ পিএম

সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। সাধারণত বৈশ্বিক সংকট বা যুদ্ধ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকে পড়েন। কিন্তু এবার সেই ধারা দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা চললেও স্বর্ণের দাম উল্টো কমছে।

চলতি বছরের শুরুতে জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৫ হাজার ৩০৩ ডলার।
গত শুক্রবার (১২ জুন) তা নেমে আসে ৪ হাজার ২৩৫ ডলারে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের ধারণা—মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমাবে না, বরং বাড়াতে পারে। উচ্চ সুদের হার স্বর্ণের জন্য নেতিবাচক প্রভাব ফেলে।

স্বর্ণ কোনো লভ্যাংশ বা সুদ দেয় না। তাই সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে সুদযুক্ত সম্পদের দিকে ঝুঁকে পড়ে।

ডলারের মান শক্তিশালী হওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। সাধারণত ডলার শক্তিশালী হলে স্বর্ণের দাম কমে, আর ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বাড়ে।

হরমুজ প্রণালির অস্থিরতা ও তেলের সরবরাহে বাধার কারণে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়ছে। যুক্তরাষ্ট্রেও গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা গেছে, যা সুদহার কমার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

অপশনস্প্রেডার্স ডটকমের প্রধান বিশ্লেষক জাস্টিন কার্ডওয়েল বলেন, স্বর্ণ হলো এমন একটি সম্পদ যা সরাসরি আয় তৈরি করে না এর লাভ নির্ভর করে শুধু মূল্যবৃদ্ধির ওপর। তাই সুদের হার বাড়লে স্বর্ণ বিনিয়োগে আগ্রহ কমে যায়।

নোবেল গোল্ড ইনভেস্টমেন্টের সিইও কলিন প্লাম বলেন, ডলার শক্তিশালী থাকলে স্বর্ণের দাম সাধারণত চাপে থাকে। বর্তমানে সেই পরিস্থিতিই চলছে।



বিষয়:



Top