বাজেট ২০২৬-২০২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গুরুত্ব পাচ্ছে। দেশীয় উৎপাদনমুখী শিল্পকে আরও শক্তিশালী করতে বিভিন্ন খাতে কর ছাড়, মূল্য সংযোজন কর অব্যাহতি এবং আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একই সঙ্গে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আমদানিনির্ভর ও বিলাসবহুল পণ্যের ওপর শুল্ক ও করহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ দেশের শিল্পখাতের বিকাশ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
প্রতি বছরের মতো এবারও রাজস্ব আদায় বাড়াতে কিছু পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে বাজারে কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। অন্যদিকে কিছু পণ্যে কর কমানোর কারণে মূল্য হ্রাসের সম্ভাবনাও রয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, আগামী বাজেটে কর ও শুল্ক কাঠামো পরিবর্তনের কারণে সিগারেট, রড, আমদানিকৃত মাছ, কাজুবাদাম, নিকোটিনজাত পণ্য, দেশীয় মদ এবং বিয়ারের দাম বাড়তে পারে।
প্রতিবছরের মতো এবারও সিগারেট খাত থেকে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কারণে সব ধরনের সিগারেটের মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে উচ্চমূল্যের সিগারেটের দাম সবচেয়ে বেশি বাড়তে পারে।
এছাড়া নিকোটিন পাউচ ও উত্তপ্ত তামাকজাত পণ্যের ওপর নতুন করে উচ্চহারে কর আরোপের পরিকল্পনা রয়েছে। ফলে এসব পণ্যের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। একইভাবে দেশীয় মদ ও বিয়ারের ওপর নতুন কর আরোপ করা হলে সেগুলোর মূল্যও বাড়তে পারে।
নির্মাণ খাতের অন্যতম প্রধান উপকরণ রডের দামও বাড়তে পারে। রড উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও সংশ্লিষ্ট পণ্যের ওপর কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এর প্রভাব সরাসরি নির্মাণ ব্যয়ের ওপর পড়তে পারে।
বিদেশ থেকে আমদানি করা তাজা, ঠান্ডা ও হিমায়িত মাছের ওপর মূল্য সংযোজন কর আরোপের ফলে এসব পণ্যের দামও বাড়তে পারে। একইভাবে সুগন্ধি, ওষুধ এবং কীটনাশক তৈরিতে ব্যবহৃত কিছু আমদানিকৃত উদ্ভিজ্জ উপকরণের ওপর কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কাজুবাদাম আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বাজারে কাজুবাদামের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে হেলিকপ্টারের নিবন্ধন ও উপযুক্ততা সনদ নবায়নে নতুন কর আরোপের ফলে হেলিকপ্টার ভাড়া বাড়তে পারে। একই সঙ্গে বাস পরিবহনের অগ্রিম আয়কর বৃদ্ধির প্রস্তাব থাকায় বাসভাড়াও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এনএফ৭১/একে
বিষয়:
