আসন্ন বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৩:৩৮ এএম

সংগৃহীত

আগামী ১১ জুন জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটে সাধারণ ভোক্তাদের জন্য বেশ কিছু পণ্যের দামে স্বস্তি আসতে পারে বলে জানা গেছে।

বিশেষ করে গৃহস্থালি ও রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার হিটার বা গিজার।

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতেও সুখবর আসতে পারে। প্রস্তাবিত বাজেটে কম্পিউটার, মনিটর ও প্রিন্টারের দাম কমানোর উদ্যোগ থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রায় ১৫টি পণ্যের দামও কমতে পারে। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত কিডনি ডায়ালাইসিস ফিল্টারের মূল্য কমানোর প্রস্তাবও থাকতে পারে।

স্বর্ণ ব্যবসায়ীদের জন্যও স্বস্তির খবর রয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বর্ণালঙ্কার বিক্রির ওপর উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হতে পারে।

তবে এসব পরিবর্তন কার্যকর হবে বাজেট জাতীয় সংসদে পাস হওয়ার পর।



বিষয়:



Top