মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৩২ দশমিক ৫০ ডলারে অপরিবর্তিত ছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইসরায়েল ও ইরান-এর মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি এখনো নাজুক। ফলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার সংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্তও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে।

আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম সামান্য কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৭ দশমিক ১০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান KCM Trade–এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, স্বর্ণের বাজারে বর্তমানে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে না। কারণ বিনিয়োগকারীরা একদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকেও নজর রাখছেন।

এদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংক Goldman Sachs ধারণা দিয়েছে, শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের কারণে ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের পুরো সময়জুড়ে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। সুদ কমানোর সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের মে মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে। বাজার বিশ্লেষকদের মতে, এই প্রতিবেদন ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭.৭১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.২ শতাংশ কমে ১ হাজার ৭৫১.৩৯ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২১৩.৮৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদা বৃদ্ধি, তেলের দাম ও মার্কিন ডলারের মূল্য হ্রাস পেলে বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।

সূত্র: রয়টার্স



বিষয়:



Top