দেশের বাজারে আবারও কমানো হয়েছে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য নির্ধারণ করেছে, যা আজ (৭ জুন) রাত ১২টা থেকে কার্যকর হবে।
রোববার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার করা হয়েছে।
এর আগে গত ২৩ মে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও দাম কমানো হয়।
নতুন মূল্য দেশের বিভিন্ন বিমানবন্দর, বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর ও কক্সবাজার বিমানবন্দরে কার্যকর হবে।