বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১১:৩৬ পিএম
বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের বাস্তবতা বিবেচনায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুতের মূল্য সমন্বয় করেছে। তবে সরকারের লক্ষ্য ছিল সাধারণ ও নিম্নআয়ের মানুষকে সুরক্ষা দেওয়া। ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহক এ মূল্যবৃদ্ধির বাড়তি চাপের বাইরে থাকবেন।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দেশগুলো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের ভুল নীতির কারণে দেশকে অধিক আমদানিনির্ভর হতে হয়েছে, যার প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণ, প্রেক্ষাপট এবং সরকারের করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ খাতে সরকার এখনও প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। একই সঙ্গে অতীতের দুর্নীতি, ঋণ খেলাপি ও অর্থপাচারের প্রভাবও বর্তমান সংকটকে আরও জটিল করেছে।
তিনি আরও বলেন, সরকার দীর্ঘমেয়াদে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি জনগণের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদানের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়:
