দুই মাসে তিন গুণ মেঘনা পেটের শেয়ারদর, তদন্তে ডিএসই
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়ে নতুন রেকর্ড গড়েছে। গত এপ্রিলের শুরুতে ২৬ টাকা দরে লেনদেন হওয়া শেয়ারটি মঙ্গলবার (৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮২ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হয়েছে, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, দুই মাসেরও কম সময়ে কোম্পানিটির শেয়ারদর প্রায় তিন গুণ এবং গত এক মাসে দ্বিগুণ হয়েছে। অথচ প্রায় দুই যুগ ধরে প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে। ১২ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির অর্ধেকের বেশি শেয়ার ব্যক্তি বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ডিএসই। বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও স্টক এক্সচেঞ্জকে বিশেষ নির্দেশনা দিয়েছে।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা মনে করছেন, কারসাজি ছাড়া বন্ধ কোম্পানির শেয়ারের এমন উল্লম্ফন স্বাভাবিক নয়। তাদের দাবি, মেঘনা পেটের শেয়ার নিয়ে প্রায় প্রতিবছরই বিভিন্ন চক্র কারসাজি করে দর বাড়িয়ে মুনাফা করছে। এ নিয়ে একাধিক তদন্ত হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
তথ্য অনুযায়ী, ঈদের ছুটির পর টানা দুই কার্যদিবসে শেয়ারটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার লেনদেন শুরুর মাত্র ৪৫ মিনিটের মধ্যে শেয়ারটি ৮২ টাকা ৯০ পয়সায় পৌঁছে যায়। এরপরও দিনজুড়ে প্রায় ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শুধু মেঘনা পেট নয়, একই ব্যবসায়ী গোষ্ঠীর আরেক কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদরও গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফেব্রুয়ারির শেষে ২৪ টাকা দরে লেনদেন হওয়া শেয়ারটি বর্তমানে ৪৬ টাকা ১০ পয়সায় উঠেছে।
বিষয়:
