সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৮:৩২ পিএম
দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার।
সোমবার (১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক জরুরি আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যে দেশের সব সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে মার্কেট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব ধরনের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজারকে সন্ধ্যা ৭টার মধ্যেই তাদের বাণিজ্যিক কার্যক্রম শেষ করতে হবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও বিজ্ঞাপনের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই সঙ্গে স্থানীয় মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়:
