কমেছে স্বর্ণের দাম, আজ যে দামে বিক্রি হচ্ছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৪:০৫ পিএম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার দেশের বাজারে কম দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।
এর আগে গত ২১ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে। আর গত বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
অন্যদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছরে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
এনএফ৭১/একে
বিষয়:
