আজও খোলা ব্যাংক, চলছে লেনদেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৫:১৭ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির কারণে আজ শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হয়েছে। ঈদের আগে অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ শনিবার এবং আগামীকাল রোববার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে গত ১৮ মে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, সরকারি প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
অন্যদিকে তৈরি পোশাক শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের সংশ্লিষ্ট এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এ সময়ে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এবং অফিস কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত সীমিত থাকবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো ঈদের ছুটির সময়েও সীমিত আকারে সেবা চালু রাখবে। আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে ২৪ ঘণ্টা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ছুটির সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
