ঈদের আগে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত কমলো?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।

এর আগে সর্বশেষ ২১ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩২ বার কমেছে।

অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top