আজ থেকেই বাজারে মিলবে নতুন নকশার ৫ টাকার নোট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা সুবিধাসম্পন্ন ৫ টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকে অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত এ নোট প্রচলনে আসছে।

প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নোটটি সরবরাহ করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পর্যায়ক্রমে এটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ বিষয়ভিত্তিক নকশায় তৈরি নতুন এ নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে বাম পাশে রাখা হয়েছে তারা মসজিদ ও ঢাকার দৃশ্য। মাঝখানের অংশে জাতীয় ফুল শাপলা, পাতা ও কুঁড়িসহ ফুটন্ত অবস্থায় তুলে ধরা হয়েছে।

নোটের পেছনের অংশে রাখা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর নকশা, যা সাম্প্রতিক সময়ের সামাজিক ও সাংস্কৃতিক চিত্র তুলে ধরে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জলছাপে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল বাঘের মুখাবয়ব। এর নিচে রয়েছে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম। নোটটির প্রধান রং হালকা গোলাপি।

এছাড়া নোটের বাম পাশে থাকা ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে সংযুক্ত রয়েছে, যা আলোয় ধরলে দুই পাশ থেকেই দেখা যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পরও আগের সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে চালু থাকবে। একই সঙ্গে সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও ছাপানো হয়েছে। এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের মুদ্রা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top